
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নে মধ্য কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরটি মরণফাঁদে পরিনত হয়েছে। প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। স্কুলটি ঘেঁষে রয়েছে বিশাল পুকুর। স্কুল মাঠ ও চলাচলের রাস্তা দিন দিন ধসে পড়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বাড়ছেই। অচিরেই পুকুরটি ভরাট করা না হলে দূর্ঘটনার কবলে পড়ার আশঙ্কায় এলাকাবাসী। কোমলমতি শিক্ষার্থীরা খেলতে গিয়ে প্রায়ই পা পিছলে পুকুরে পরে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,মধ্য কালিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে বহু শিক্ষার্থী। এছাড়া সন্নিকটে কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা, ও কালিহাতা নতুনবাড়ি জামে মসজিদ। ওই পুকুরটি পাশ্ববর্তী একমাত্র চলাচলের রাস্তা দিয়ে সকল শিক্ষার্থীদের পায়ে হেটে যেতে হয়। ঘনবসতি এই এলাকায় স্কুল সংলগ্ন পুকুরটি শিশুদের জন্য দূর্ঘটনার ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা, প্রবীন শিক্ষকসহ স্থানীয় শত শত লোকজন বলেন স্কুলের পাশাপাশি বিশাল পুকুর থাকায় একদিকে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নেই,অপরদিকে কোমলমতি শিক্ষার্থীরা পুকুরে ডুবে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এছাড়া বাচ্চাদের সকাল বেলা স্কুলে পাঠিয়ে আমাদের দুশ্চিন্তায় থাকতে হয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পুকুরটি অচিরেই ভরাট করার দাবি জানিয়ে উজিরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।