
মোঃ অলিউদ্দিন বেপারী, হিজলা প্রতিনিধি ঃবরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী নদী বাঁধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (০৪ জুন) সকালে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনার তীরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বিগত অনেক বছর ধরে বর্ষা মৌসুমে শাওড়া থেকে ধূলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম পর্যন্ত ৮টি গ্রাম মেঘনার গর্ভে বিলীন হয়ে যাচ্ছে । প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি, বাবা-মায়ের কবর ও গুরুত্বপূর্ণ নানা স্থাপনা নদীগর্ভে হারিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি ।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গৌরবদী ইউনিয়নের এই বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা।
কর্মসূচিতে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী, দেশনায়ক তারেক রহমান এবং নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসানের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী নদী বাঁধ নির্মাণ না করলে স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারি স্থাপনাগুলো রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে।
হিজলা গৌরবদী ইউনিয়নের ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন,গৌরবদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারি,
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিন তালুকদার,সদস্য সচিব আমির বাঘা , ছাত্রদলের আহবায়ক মহসিন সিকদার, কৃষকদলের আহ্বায়ক সম ফারুক, সদস্য সচিব ফয়েজ হাওলাদার, বড়জালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সম হুমায়ন,হিজলা গৌরবদী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম শরীফ সিকদার, হুমায়ন তালুকদার, জসিম সিকদার,বিএনপি নেতা ফারুক ফরাজী,আলাউদ্দিন বাবুর্চি যুবদল নেতা মোস্তফা সিকদার,আলতাফ জমাদার সহ অন্যান্যরা।
বক্তারা বলেন,সরকার আসে সরকার যায় আমাদের দীর্ঘদিনের নদী ভাঙ্গন সমস্যার সমাধান হয় না।
মেঘনার ভাঙন বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। অবহেলিত এই জনপদ রক্ষায় দ্রুত স্থায়ী প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি।