
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় সাতলায় মাছের ঘের থেকে মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পটি বাড়ি জনতা বাজার আদর্শ মৎস্য প্রকল্পের ঘেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। আহত তিন পাহারাদারকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে ঘেরের জমির মালিক ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বিক্ষোভ মিছিল করেন। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, মঙ্গলবার বিকেলে কয়েকজনকে ঘের থেকে মাছ ধরতে দেখা যায়। এ সময় তাঁদের বাধা দিলে পাহারার দায়িত্বে থাকা তাজিম মোল্লা, নয়ন পাইক ও এম্মাম পাইক মারধরের শিকার হন। পরে আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরাফাত হাওলাদার, রবিউল হাওলাদার, সাহিন হাওলাদার, শাফিক হাওলাদার ও নয়ন হাওলাদারের বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ তুলেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তবে অভিযোগের বিষয়ে
আরাফাত হাওলাদার কে একাধিক ফোন দিলে পাওয়া যায়নি। পটি বাড়ি জনতা বাজার আদর্শ মৎস্য প্রকল্পটি তিন শতাধিক মানুষের অংশীদারত্বে ২ শত একর জমিতে পরিচালিত হচ্ছে। ৩ লক্ষ টাকার মাছ লুট করেও নিয়ে যায় তারা। প্রকল্পের সভাপতি আব্দুল সত্তার পাইক, সাধারণ সম্পাদক আরিফ মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক লুকমান সরদার। প্রকল্পের সভাপতি আব্দুল সত্তার পাইক বলেন, তিন শতাধিক মানুষের অংশীদারত্বে গড়ে তোলা এ প্রকল্পের মাছ রক্ষা করা সবার দায়িত্ব। মাছ ধরতে বাধা দেওয়ায় পাহারাদারদের মারধরের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সাধারণ সম্পাদক আরিফ মোল্লা বলেন, প্রকল্পের সম্পদ রক্ষা করতে গিয়ে পাহারাদাররা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
যুগ্ম সাধারণ সম্পাদক লুকমান সরদার বলেন, অনেক মানুষের সম্মিলিত উদ্যোগে এ মৎস্য প্রকল্প পরিচালিত হচ্ছে। ঘেরের মাছ রক্ষা করতে গিয়ে পাহারাদারদের ওপর হামলার অভিযোগের সুষ্ঠু বিচার চান তাঁরা। বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল থেকে প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনার তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ ঘটনায় উজিরপুর মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।