
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশালে সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। দিবসটির মূল তারিখ গত ১৫ অক্টোবর হলেও জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা এই উপলক্ষে নগরীর কাশিপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজন করে একটি আলোচনা সভার, যার প্রতিপাদ্য ছিল “দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন।” অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল-নিরাপত্তা ও সামাজিক পুনর্বাসনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংস্থার নির্মাণাধীন প্রশিক্ষণ ভবন সম্পন্ন করতে সরকারি-বেসরকারি সহযোগিতার আহ্বান জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সহযোগী প্রতিষ্ঠানগুলোর উপহার বিতরণ। সাউথইস্ট ব্যাংক পিএলসি-র সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ১০০টি সাদাছড়ি তুলে দেওয়া হয়, আর অমৃত লাল দে কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত সবার জন্য টি-শার্ট ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমাজসেবা কার্যালয়, বরিশালের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে সাদাছড়ির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সংস্থার প্রশিক্ষণ ভবন নির্মাণ সম্পন্ন করতে আর্থিক সহায়তার আহ্বান জানান। তাঁর বক্তব্যের ধারাবাহিকতায় আলোচনায় অংশ নেন সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহকারী মহাসচিব ও বরিশাল জেলা শাখার যুগ্ম মহাসচিব এসএম ইউনুসুর রহমান, যিনি সংস্থার পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরে এগুলোর দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানান। এরপর অমৃত লাল দে কোম্পানির পক্ষে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিনিধি সুব্রত সাহা। তিনি বলেন, “অমৃত লাল দে কোম্পানি সবসময় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আজকের এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইকবাল কবির, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি বরিশাল শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ জিয়াউর রহমান। তবে নির্ধারিত অতিথিদের মধ্যে জেলা পুলিশ সুপার এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
সংস্থার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার তাঁর বক্তব্যে সাদাছড়ির তাৎপর্য তুলে ধরে বলেন, প্রশিক্ষণ ভবন নির্মাণে আর্থিক সহায়তার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গণপরিবহন ও কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করাও এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। তিনি বলেন, “দলমত নির্বিশেষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে তাঁদের অগ্রাধিকার সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।” ভবিষ্যতে কোনো বড় জিআর বরাদ্দ এলে সংস্থার প্রশিক্ষণ ভবন নির্মাণের দাবির প্রতি নিজের সাধ্যমতো সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি, পাশাপাশি অন্যান্য জেলা প্রশাসকদেরও বিষয়টি অবগত করার প্রতিশ্রুতি দেন। বক্তব্যের শেষে তিনি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপস্থিত দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে একে একে সাদাছড়ি তুলে দেন। এর মধ্য দিয়েই শেষ হয় দিনব্যাপী এই কর্মসূচি।