
বরিশাল সদর উপজেলা বিএনপির কেন্দ্র ঘোষিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশের পর থেকেই একটি পক্ষ বিএনপির নাম ব্যবহার করে কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, চরমোনাই ইউনিয়নের সালাম রাড়ি, সাবু চেয়ারম্যান, রেজা রাড়িসহ কয়েকজন ব্যক্তি নতুন কমিটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে লোক ভাড়া করে মানববন্ধন, মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন। এসব কর্মসূচির মাধ্যমে কেন্দ্র অনুমোদিত আহ্বায়ক কমিটিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়।
এ বিষয়ে বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সদর উপজেলার ১০টি ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে ১৬০ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, “এই কমিটি নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছেন, তারা প্রকৃতপক্ষে বিএনপির কেউ নন। তাদের উদ্দেশ্য বিএনপিকে বিতর্কিত করা। আমাদের কমিটির বিরুদ্ধে যারা মিছিল-মিটিং করছে, তাদের অপচেষ্টা কখনোই সফল হবে না। তাদের এ ধরনের কর্মকাণ্ড আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করব।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।