
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামে ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ,মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। ১৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নরসিংহা স্কুল সংলগ্ন মামুন মার্কেটের সামনে মানববন্ধনে অংশগ্রহন করে শিক্ষার্থী,অভিভাবক, শত শত নারী-পুরুষ ও এলাকাবাসী। বক্তৃতা করেন গাজীরপাড় প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাজাহান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান,ইউপি সদস্য মিজানুর রহমান খান মহব্বত, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম শামিম,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শিরাজুল ইসলাম, সমাজসেবক আঃ রহিম বেপারী,আঃ হক খান,মহিলা ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ বেপারী, মোঃ কালাম বয়াতী, মোঃ রাজন খান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান বেপারী,যুবদল নেতা মাহাবুবুর রহমান কচিসহ অনেকে। এসময় বিক্ষুব্ধরা, কোমলমতি শিক্ষার্থীদের খেলার মাঠ অচিরেই দখলমুক্ত করার দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া অচিরেই দাবি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন তারা। উল্লেখ্য ৭ জুন সকালে নরসিংহা গ্রামের মোঃ জাহিদুর রহমান মাছুম, মোঃ কামরুল ইসলাম বাচ্চু, মোঃ আসাদুল হক ফকির, মোঃ শিরাজুল ইসলাম ফকির, মোঃ রুহুল আমিন ফকিরসহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে নরসিংহা প্রাথমিক বিদ্যালয়ের শত বছরের ভোগদখলীয় খেলার মাঠের মধ্যে পিলার দিয়ে জোরপূর্বক দখল করে। এদিকে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কোমলমতি শিক্ষার্থীরা দখলকৃত খেলার মাঠ দখলমুক্ত করেছে। এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম বলেন, কাগজপত্র পর্যালোচনা করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,স্কুলের জমি সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা প্রয়োজন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক খোঁজ খবর নেয়া হবে।উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জানান,জমিজমা সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষকে আদালতে মামলা দায়ের করার পরামর্শ দেয়া হয়েছে।