
নিজস্ব প্রতিবেদক: বরিশাল পেশাজীবী ফোরামের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৭টায় নগরীর চৌমাথা এলাকার ফ্লাভোরিয়া হলরুমে আয়োজিত এ শিক্ষা শিবিরে প্রায় তিন শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। এতে পেশাজীবী, আইনজীবী, ওলামা, ব্যাংকার্স ও ব্যবসায়ী বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন বাবর এবং বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য মো. শাহ আলম।
অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বরিশাল বিভাগীয় অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী। এছাড়া বিশেষ আলোচনা করেন মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, ওলামা বিভাগের দায়িত্বশীল অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, অধ্যক্ষ সোহরাব হোসেন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হাওলাদার, অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ ও তৈয়বুর রহমান আজাদ। তাছাড়া বরিশাল মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল আহসান হাসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল পেশাজীবী ফোরামের সভাপতি সুলতানুল আরেফিন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, গণভিত্তি ও মজবুত সংগঠন—উভয়ই মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত পদ্ধতি। তাই সংগঠনকে শক্তিশালী করতে এ দুটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে অনেক মানুষ ইসলামের আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিলেন। তবে সেই প্রত্যাশিত সাফল্য অর্জিত হয়নি। তিনি আরও বলেন, একটি ইসলামী দলের কিছু নেতার অন্য দলের পরাজয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা দুঃখজনক এবং এ ধরনের বক্তব্য ইসলামী ঐক্যের জন্য সহায়ক নয়।
বক্তব্যের শেষাংশে তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।