
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :অদ্য ২৬ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ, দুপুর ১টা ৩০ মিনিটের সময় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে তিন বছর বয়সী এক শিশু নিহত ও তার মা আহত হয়েছেন।
নিহত শিশুর নাম মোসাঃ লুসাইফা (৩), পিতা আব্দুর রাজ্জাক, গ্রাম মশাং, থানা উজিরপুর, জেলা বরিশাল। আহত তার মা মোসাঃ ফাহিমা বেগম (৩২), স্বামী আব্দুর রাজ্জাক। দুর্ঘটনার সময় শিশুর নানীও সাথে ছিলেন, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোসাঃ ফাহিমা বেগম তার মা ও শিশু কন্যা লুসাইফাকে নিয়ে উজিরপুর থেকে মাহেন্দ্রা যোগে বরিশাল অভিমুখে আসছিলেন। পথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনীর সঙ্গে মাহেন্দ্রাটি ধাক্কা খেয়ে উল্টে গেলে তারা তিনজনই আহত হন।
পরে আশেপাশের পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু লুসাইফাকে মৃত ঘোষণা করেন। আহত ফাহিমা বেগম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে শিশুর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে।