
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ জুন) বিকেল পাঁচটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে অ্যাম্বুলেন্স চালকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা যশোর বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি লাশবাহী (ফ্রিজিং) অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে, অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িটির সামনের কাঁচ ও কাঠামো সম্পূর্ণভাবে বিকৃত হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই আশপাশের স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের মধ্যে লাশবাহী গাড়ির চালক ও আরো চারজনকে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ দুর্ঘটনার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।