
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাস স্ট্যান্ড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১:৩০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী মোরল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ১২-৩২৭৪)এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রহমতপুর বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় হঠাৎ করেই বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিমানবন্দর থানা এলাকার ঝরঝরিয়া তলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ সবুজ (২৫) মারা যান। অন্যদিকে, বামনা থানা এলাকার মনোরঞ্জনের ছেলে আনন্দ (৩৫) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
দুর্ঘটনার পরপরই এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছেন।
এই দুর্ঘটনা আবারও বাংলাদেশের সড়ক নিরাপত্তার অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা রোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।