
মোঃ পারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) ১৭তম পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে অনন্য কৃতিত্ব দেখিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী হালিমাতুস সাদিয়া। তার এই সাফল্য শুধু পরিবারের নয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পুরো বরিশাল জেলার জন্যও গর্বের বিষয়।
হালিমাতুস সাদিয়া বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মেয়ে। তার বাবা মোঃ রহমান কবির এবং মা নাসিমা আক্তার—দুজনই মেয়ের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি শুরু থেকেই মেধার পরিচয় দিয়েছেন। কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসের মাধ্যমে তিনি বিজেএস পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করতে সক্ষম হন।
তার সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গর্বিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকরা তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন।
হালিমাতুস সাদিয়া বলেন, “এই সাফল্যের পেছনে আমার পরিবার, শিক্ষকদের দোয়া ও কঠোর পরিশ্রম রয়েছে। আমি দেশের জন্য কাজ করতে চাই এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চাই।”
তাঁর এই অসামান্য সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।