
নিজস্ব প্রতিবেদক, বরিশালের ফুটবল প্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক)।
বসিক প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন এর উদ্যোগে নগরীর সদর রোড টাউন হলে আজ (শনিবার) রাতে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় পর্দায় প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
এ আয়োজনকে কেন্দ্র করে বরিশালের ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। খেলাপ্রেমীরা একসঙ্গে বসে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আজকের ম্যাচসূচি অনুযায়ী,রাত ১টায় কাতার মুখোমুখি হবে সুইজারল্যান্ডের এবং রাত ৪ টায় মাঠে নামবে ব্রাজিল ও মরক্কো।
বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফুটবলপ্রেমী সকলকে টাউন হলে উপস্থিত থেকে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এমন আয়োজন নগরবাসীর বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।