
নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরের সোনাডাঙা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান অভিযুক্ত মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮) কে বরিশাল থেকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২৯ মে) বরিশাল মহানগরের কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের গ্রেফতারে র্যাব কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-০৬ সদর কোম্পানি ও র্যাব-০৮ সদর কোম্পানির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ মে ভোররাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে খুলনা মহানগরের সোনাডাঙা থানার তমিজদ্দিন সড়কের দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসায় অভিযুক্ত রফিকুল ইসলাম তার শাশুড়ি বেবী বেগম (৬০) এবং স্ত্রীর প্রথম পক্ষের দুই সন্তান শামীম বেপারী (১৪) ও মুস্তাকিন বেপারী (৪)-কে শ্বাসরোধ করে হত্যা করে।
এ ঘটনায় নিহত শিশুদের বাবা মো. মাসুম বেপারী বাদী হয়ে সোনাডাঙা থানায় হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ডটি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনমনে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। তদন্তের এক পর্যায়ে আসামির অবস্থান শনাক্ত করে বরিশালের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রফিকুল ইসলাম হাওলাদারকে খুলনার সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।