
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে এক হিন্দু পরিবারের গাছ জোরপূর্বক কেটে জমি দখলের পায়তারা চালাচ্ছে কতিপয় প্রভাবশালীরা বলে অভিযোগ পাওয়াগেছে । এ ঘটনায় উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হিন্দু পরিবার। অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কেশবকাঠী গ্রামের সুভাষ দাস পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। ওই জমির ৬৬ শতাংশ স্থানীয় বাসিন্দা মোঃ মোতাহার মল্লিকের কাছে বিক্রি করা হলেও তিনি পরবর্তীতে ভূয়া দলিল তৈরি করে ১২০ শতাংশ জমির মালিকানা দাবি করে জোরপূর্বক ভোগদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলার মধ্যে সি আর কেস নং-৪৪০/২০২৩ এবং ফৌজদারি রিভিশন নং-১৫১/২০২৪।
ভুক্তভোগী সংখ্যালঘু পরিবারের অভিযোগ,গত ৩০ মে মোতাহার মল্লিক ও তার ছেলে মোঃ জুলহাস মল্লিক, মোঃ জাহিদ মল্লিকসহ ২০/২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী মিলে বসতবাড়িতে প্রবেশ করে দীর্ঘদিন ধরে ভোগ দখলে থাকা হিন্দু পরিবারের রোপিত বিভিন্ন প্রজাতির অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়ে যায় এবং জমি দখলের পায়তারা চালায়।এসময় সুভাষ দাসের পরিবারের সদস্যরা বাধা দিলে তাদেরকে দেশীয় অস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দিয়ে থাকে। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ভূমিদস্যু মোতাহার বেপরোয়া মামলাবাজ,তার তান্ডব থেকে রেহাই পাইনি অনেকে। অন্যের জমি দখল করা তার নেশা ও পেশা। হিন্দু পরিবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমরা এ দেশের নাগরিক। ভয়ভীতি ছাড়া নিজ দেশে শান্তিতে বসবাস করতে চাই। অভিযুক্ত মোতাহার মল্লিক বলেন আমি তাদের কাছ থেকে দলিলমূলে ১২০ শতাংশ জমি ক্রয় করেছি,তাই আমি গাছ কেটেছি বলে বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ওই ভূমিদস্যুদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন হিন্দু পরিবার।