
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে দীর্ঘদিনের দুর্নীতি ও দালালচক্রের প্রভাব দূর করে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান। তার উদ্যোগ ও কঠোর তদারকিতে বর্তমানে গৌরনদী ভূমি অফিসে ফিরেছে স্বচ্ছতা ও সেবার মান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর কারণে গৌরনদী উপজেলা ভূমি অফিসটি দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছিল। ঘুষ ছাড়া সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা পেতেন না বলেও অভিযোগ ছিল। এ নিয়ে বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও রাজনৈতিক প্রভাবের কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম জানান, ২০২৫ সালের ৩১ আগস্ট গৌরনদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অফিসের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ শুরু করেন।
তিনি বলেন, “মেহেদী হাসান একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তার আন্তরিক প্রচেষ্টায় গৌরনদী ভূমি অফিস এখন সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে পরিচালিত হচ্ছে।”
প্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, অফিসে যোগদানের পর এসিল্যান্ড মেহেদী হাসান কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শনাক্ত করেন। পরবর্তীতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলির ব্যবস্থা করে সৎ ও দায়িত্বশীল কর্মীদের পদায়ন নিশ্চিত করেন।
টানা প্রায় আট মাসের প্রচেষ্টায় বর্তমানে গৌরনদী ভূমি অফিসে দালাল ও ঘুষ বাণিজ্য অনেকটাই বন্ধ হয়ে গেছে। এখন সাধারণ মানুষ শুধুমাত্র সরকারি নির্ধারিত ফি দিয়েই মিউটেশন, নামজারি ও অন্যান্য ভূমি সংক্রান্ত সেবা সহজে পাচ্ছেন।
উপজেলার সুন্দরদী মহল্লার বাসিন্দা রিপন মিত্র বলেন, “এসিল্যান্ড মেহেদী হাসান স্যার সরকারি ফি নিয়েই আমার জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান করে দিয়েছেন। সরকারি ফি’র বাইরে কাউকে অতিরিক্ত টাকা দিতে হয়নি।”
স্থানীয়দের মতে, একজন সৎ ও মানবিক কর্মকর্তার নেতৃত্বে গৌরনদী ভূমি অফিস এখন সাধারণ মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।