
নিজস্ব প্রতিবেদক: বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
জানা গেছে, গত শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে হাসপাতালের সার্জারি ইউনিট-১ এ বরিশাল বিএম কলেজের কিছু শিক্ষার্থীর হামলায় ১ জন সহকারী অধ্যাপক, ৩ জন ইন্টার্ন চিকিৎসক এবং কয়েকজন মেডিকেল শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে রাতেই জরুরি বৈঠক করেন ইন্টার্ন চিকিৎসকরা। বৈঠক শেষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের সকল ধরনের চিকিৎসাসেবা কার্যক্রমে তারা অংশ নেবেন না। তবে জরুরি বিভাগে সীমিত পরিসরে সেবা চালু থাকবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
এদিকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় হাসপাতালজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী তিন কর্মদিবসে তাদের রিপোর্ট জমা দিবে তখন আসল তথ্য পাওয়া যাবে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।