
নিজস্ব প্রতিবেদক: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) সহ দেশের সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বাস্থ্যসেবার সংকটের বিরুদ্ধে বরিশালে টানা ১০ম দিনের মতো রাজপথে আন্দোলন করেছে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ।
বুধবার বিকেল ৪:৩০টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা আমতলা মোড় ঘুরে নতুল্লাবাদ পর্যন্ত অগ্রসর হয়। এরপর আন্দোলনকারীরা ৩০ মিনিটের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। মিছিল জুড়ে ছিল প্রতিবাদী স্লোগান, গান ও লিফলেট বিতরণ।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগানে মুখর ছিলেন—
“স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না”,
“সিন্ডিকেট ভাঙতেই হবে”,
“শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করো”।
সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি। তিনি বলেন,
“হাসপাতালের সিন্ডিকেট এখনই ভাঙতে হবে। দশদিন আন্দোলনের পরও কোনো সাড়া না পেয়ে আজ আমরা বরিশাল ব্লক করতে বাধ্য হয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় যদি বরিশালের মানুষের কথা না শোনে, তাহলে আরও কঠোর কর্মসূচি আসবে। কাল সকাল ১১টা থেকে পূর্ণ বরিশাল ব্লকড ঘোষণা করছি।
আন্দোলনকারী ডালিম হোসেন বলেন,
>“শেবাচিমসহ পুরো স্বাস্থ্যখাতে বৈষম্য দূর না হলে রাজপথ ছাড়বো না।”
রিয়াজুল ইসলাম বলেন,
> “আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন এখন নতুল্লাবাদ পর্যন্ত পৌঁছে গেছে। ইনশাআল্লাহ আমরা সফল হবোই।”
এই আন্দোলনে বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী ও তাদের স্বজনরা অংশগ্রহণ করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়,
“এই আন্দোলন কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। এটি বরিশাল ও দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সংগ্রাম। সকল গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান—এই ন্যায্য দাবিগুলো প্রচারে সহযোগিতা করুন।”