
উজিরপুর (বরিশাল): উজিরপুর উপজেলার বড়কোঠা ইউনিয়নের নারিকেলি গ্রামে সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ড্যাম্পিং কার্যক্রম চলমান রয়েছে। ৮ জুলাই সোমবার দুপুরে এ কার্যক্রম পরিদর্শন করেন উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আলী সুজা।
পরিদর্শনকালে ইউএনও নদী তীরবর্তী ভাঙনপ্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত স্থানীয়দের সাথে কথা বলেন। তিনি এলাকাবাসীর খোঁজখবর নেন ও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই সন্ধ্যা নদীর প্রবল স্রোতের কারণে উজিরপুরের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও রাস্তাঘাট। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু করেছে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, পাউবোর কর্মকর্তাবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।