
নিউজ ডেস্ক: সমাজে সমতা ও অন্তর্ভুক্তির পথকে সুদৃঢ় করতে একটি যুগান্তকারী পদক্ষেপ নিল বাংলার বাঘ ফাউন্ডেশন। আজ বরিশালের সেন্ট-বাংলার নিজস্ব কার্যালয়ে ফাউন্ডেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল “আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার (ECD Center)”—যার লক্ষ্য সমাজের প্রান্তিক, অবহেলিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের প্রারম্ভিক বিকাশ নিশ্চিত করা।
উদ্বোধনী দিনে তিন থেকে পাঁচ বছর বয়সী পাঁচজন শিশু এই কেন্দ্রের প্রথম শিক্ষার্থী হিসেবে অন্তর্ভুক্ত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ. কে. ফ্লোরা, সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা ফেরদৌস, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিক, স্বেচ্ছাসেবক ও উন্নয়নকর্মীরা।
নির্বাহী পরিচালক ফ্লোরা বলেন, “একজন শিশুর জীবনের প্রথম পাঁচ বছর শুধু শারীরিকভাবে নয়, মানসিক, সামাজিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক পরিচর্যা না পেলে, ভবিষ্যৎ সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হয়।”
সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা ফেরদৌস বলেন,“এই কেন্দ্রটি শুধু একটি ঘর নয়, এটি হবে শিশুর জন্য একটি নিরাপদ আশ্রয়। আমরা অভিভাবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ নির্মাণে কাজ করে যাব।”
কেন্দ্রের কার্যক্রমে থাকছে:
গেইম-বেইসড লার্নিং ও সক্রিয় শেখা
গল্প বলা, গান শেখা ও আর্ট চর্চা
সামাজিক দক্ষতা ও আচরণগত প্রশিক্ষণ
স্বাস্থ্য পর্যবেক্ষণ ও পরিচ্ছন্নতা শিক্ষা
এই প্রকল্পের মাধ্যমে বাংলার বাঘ ফাউন্ডেশন শুধু শিশুদের জন্য নয়, অভিভাবকদের জন্যও প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির কর্মসূচি পরিচালনা করবে। ভবিষ্যতে বরিশালের অন্যান্য অঞ্চল ও উপজেলায় কেন্দ্রের পরিসর বিস্তারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেয়েদের শিক্ষা, প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তি এবং কর্মজীবী মায়েদের জন্য সহায়ক উপ-প্রকল্প চালুর কথাও ভাবা হচ্ছে।
একজন অভিভাবক আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা কখনও ভাবিনি আমাদের সন্তান এভাবে ভালো পরিবেশে শিখতে পারবে। বাংলার বাঘ ফাউন্ডেশন আমাদের সন্তানের জীবনে আশার আলো জ্বালিয়েছে।”
বাংলার বাঘ ফাউন্ডেশন মনে করে, শিশুদের প্রারম্ভিক বিকাশে বিনিয়োগই টেকসই উন্নয়ন ও মানবিক সমাজ গঠনের মূল চাবিকাঠি। এই কেন্দ্র সেই দিকেই এক সাহসী অগ্রযাত্রা।