
নিউজ ডেস্ক: ভালো কাজের স্বীকৃতি আত্মবিশ্বাস বাড়ায়, আর সে আত্মবিশ্বাসই নতুন করে কাজ করার প্রেরণা যোগায়। এ ধারাবাহিকতায় মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অধীনস্থ এয়ারপোর্ট থানা পুলিশ মে ২০২৫ মাসে ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
ইংরেজি ১৯ জুন ২০২৫ তারিখে বিএমপি সদর দফতরে মাননীয় পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মে মাসের কর্মপরিকল্পনা ও অর্জনের ওপর ভিত্তি করে এয়ারপোর্ট থানা পুলিশকে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট তিনটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত করা হয়।
শ্রেষ্ঠত্বের এই সম্মাননা প্রদান করেন বিএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব খন্দকার মোঃ শামীম হোসেন। সম্মাননা হিসেবে থানার কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এয়ারপোর্ট থানার এমন সাফল্যে সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এতে থানার সদস্যদের দায়িত্ববোধ ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন কর্মকর্তারা।