
মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামে বিএনপির অফিসে আগুন ও ভাংচুর করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানা যায় ১৩ জুন বিকেলে সাতলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে রাত ২ টার দিকে পশ্চিম সাতলা ২নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর করে এবং আগুন দিয়ে অফিসের চেয়ার ও আসবাবপত্র পুড়ে ব্যপক ক্ষতিসাধন করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শব্দ পেয়ে স্থানীয় আবু তালেব ফকির ঘটনাস্থলে গিয়ে ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ১৪ জুন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, সাতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বেপারী, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল বিশ্বাস,সাধারণ সম্পাদক ইছহাক বালীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। এদিকে অফিস ভাংচুর ও আগুন দেয়ার ঘটনায় জড়িতদের অচিরেই সনাক্ত করে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া অচিরেই জড়িতদের বিচার করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।