
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে শশুরবাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নববিবাহিত যুবক। শুক্রবার ভোর রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত যুবকের নাম আহাদ আহমেদ ধ্রুব (২৩), পিতা মোহাম্মদ এনাম, গ্রাম দক্ষিণ কাছারিপাড়া, জামালপুর সদর। তিনি ঢাকার একটি সোপ কোম্পানিতে চাকরি করতেন, যেখানে পরিচয় হয় খাদিজা বেগম নামে এক সহকর্মীর সাথে। প্রেমের সম্পর্ক থেকে তিন মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।
বিয়ের পর ছেলের পরিবারের অসম্মতি থাকায় ঈদের ছুটিতে দুজনে বাবুগঞ্জের লোহালিয়ায় শশুরবাড়িতে আসেন। জানা গেছে, বিয়ের পরপরই আহাদ চাকরি হারিয়ে মানসিক চাপে ভুগছিলেন। শাশুড়ি মোসাম্মৎ শারমিন আক্তার জানান, বৃহস্পতিবার থেকে জামাইয়ের আচরণ অস্থির ছিল। একাধিক ফোন পেয়ে তিনি বিচলিত হয়ে পড়েন এবং প্রকাশ্যে ধূমপান করতে দেখা যায়।
রাতের খাবারের পর স্ত্রী খাদিজার সঙ্গে ঘুমিয়ে পড়েন আহাদ। ভোরে ঘুম ভেঙে স্বামীকে না পেয়ে পাশের কক্ষে যান খাদিজা, সেখানেই দেখতে পান ঘরের আড়ার সঙ্গে স্বামীর ঝুলন্ত মরদেহ। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে পুলিশে খবর দেন।
বাবুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল সেবা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ওসি জহিরুল আলম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক এবং রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।