
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূমি অফিসে দালালি করতে এসে মোঃ তাওহিদুল ইসলাম নামের এক দালালকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।
জানা গেছে, ওই ব্যক্তি সেবাগ্রহীতাদের হয়রানি করে এবং সরকারি কাজ সম্পাদনে বাধা প্রদান করে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। উপজেলা ভূমি অফিসের সামনে অবস্থান নিয়ে তিনি এক সাধারণ সেবাগ্রহীতার নিকট থেকে মিউটেশন (নামজারি) কার্যক্রমের জন্য ৩৫,০০০/- টাকা দাবি করেন, যার মধ্যে অগ্রিম ১৫,০০০/- টাকা তিনি গ্রহণও করেন। অথচ সরকারের নির্ধারিত ফি মাত্র ১,১৭০/- টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয় এবং দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ভূমি অফিসের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে, যা ভূমি সেবাকে জটিল ও দুর্নীতিপরায়ণ করে তুলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বলেন, “ভূমি অফিসকে দালালমুক্ত করতে আমাদের প্রশাসনিক অভিযান চলমান থাকবে। সাধারণ জনগণ যেন হয়রানিমুক্তভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি সেবা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালিত হবে।”
জনগণের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে প্রশাসনের এই কঠোর পদক্ষেপ। বিশেষ করে যাঁরা প্রকৃতপক্ষে সরকারি সেবা নিতে এসে বারবার দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছিলেন, তাদের জন্য এটি একটি ইতিবাচক উদাহরণ হয়ে থাকবে।