
নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানের সময় সংঘর্ষে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র্যাব সদস্যদের ওপর হামলার জবাবে তারা পাল্টা গুলি ছোড়েন। এতে সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন, যার মধ্যে সিয়ামকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় প্রশাসনের সূত্র জানায়, অভিযানের সময় র্যাব সদস্যরা হামলার মুখে পড়লে আত্মরক্ষার্থে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি চালান। বর্তমানে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
এই ঘটনায় মাদক ব্যবসায়ীদের হামলায় দুইজন র্যাব সদস্যও আহত হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, যদিও র্যাব-৮ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।