
মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি: বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের নিখোঁজ কিশোর রাব্বির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে বাচ্চু হাওলাদারের বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশে তার হাত-পা বাঁধা মরদেহ পাওয়া যায়।
নিহত রাব্বি (১৫) পূর্ব রহমতপুর গ্রামের বাসিন্দা বাচ্চু হাওলাদারের ছেলে। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের আপন ছোট ভাই। পরিবারের দাবি, গত ১৮ জানুয়ারি ২০২৫, আনুমানিক রাত ১২টার দিকে রাব্বি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পুলিশ জানায়, আজ ভোরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
এয়ারপোর্ট থানার ওসি জানিয়েছেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাব্বির সহপাঠী, বন্ধু-বান্ধব ও স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।