
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলিয় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তাঁরা আরও দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন। জনগণের সেবার মান বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এহ এম আলাউদ্দিন, যুগ্ন-সহসাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান। সভাপতি মোঃ আলী সুজা বলেন, “গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে কাজ করেন। তাঁদের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে সহায়তা করার জন্য বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানাই।”বাইসাইকেল ও ইউনিফর্ম পেয়ে সন্তোষ প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্যরা। গ্রাম পুলিশ মনির হোসেন বলেন, “বাইসাইকেল ও ইউনিফর্ম পেয়ে আমরা আনন্দিত। এতে দায়িত্ব পালনের সময় চলাচল সহজ হবে এবং কাজের প্রতি উৎসাহ বাড়বে।”গ্রাম পুলিশের দফাদার বাদশা ফকির বলেন, “গ্রাম পুলিশের সদস্যরা প্রত্যন্ত এলাকায় দায়িত্ব পালন করেন। বাইসাইকেল পেলে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া সহজ হবে। এতে দায়িত্ব পালনে আরও গতি আসবে।”
গ্রাম পুলিশ জহিরুল ইসলাম বলেন, “ইউনিফর্ম ও বাইসাইকেল আমাদের দায়িত্ব পালনে সহায়ক হবে। আমরা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।