
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সারে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ সোহানুর রহমান সেতু। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিসম্পদের যথাযথ পরিচর্যার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি উৎপাদিত প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করে রপ্তানির উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিশেষ প্রতিনিধি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা আক্তারসহ খামার মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার সরকার তাঁর বক্তব্যে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, সুষম খাদ্য সরবরাহ এবং রোগ প্রতিরোধে নিয়মিত টিকা ও চিকিৎসাসেবা গ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি খামারিদের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিত করতে প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শ ও সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার, ভারপ্রাপ্ত উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ নূর হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মিরাজ হোসেন, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সামসুদ্দোহা চৌধুরী, উপজেলা একাডেমিক সুপার সুমন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন । এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন খামারের প্রতিনিধি, প্রাণিসম্পদ খাতের এআই (কৃত্রিম প্রজনন) কর্মী, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, ডিলার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন।