
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজির নামে চিকিৎসা দেওয়ার আড়ালে এক কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপন, ভিডিও ধারণ এবং পরবর্তীতে তা ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত কবিরাজ মোঃ তাইজুল ইসলাম মুসা (৪০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া থানাধীন টিয়াখালী এলাকা থেকে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত তাইজুল ইসলাম মুসা পটুয়াখালীর মহিপুর থানাধীন মনসাতলী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক মোল্লা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী শারীরিকভাবে অসুস্থ থাকায় লোকমুখে অভিযুক্ত মুসার কবিরাজি চিকিৎসার বিষয়ে জানতে পারে। পরে চিকিৎসার জন্য তার কাছে গেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে কিশোরীর সঙ্গে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। এ সময় অভিযুক্ত ও তার সহযোগীরা গোপনে এসব ঘটনার ভিডিও ধারণ করে রাখে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে বিয়ের জন্য অনুরোধ করলে তিনি তাতে অস্বীকৃতি জানান। অভিযোগ রয়েছে, এরপর অভিযুক্ত ও তার সহযোগীরা ধারণকৃত ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেয়। এতে ভুক্তভোগী কিশোরী ও তার পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে।
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান অভিযুক্ত পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় হস্তান্তর করেছে এসআরবি-৮।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।