
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বানের মধ্য দিয়ে বরিশালের উজিরপুরে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১ নভেম্বর) র্যালি, আলোচনা সভা ও যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। “‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয় সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ কমপ্লেক্সের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২, (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি বলেন, যুবকরাই দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি। দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁদের আত্মনির্ভরশীল হতে হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব সহায়তা কাজে লাগিয়ে যুবকদের নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, যুবসমাজ দেশের সম্পদ, যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মমুখী প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তাঁরা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন-সহসাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।