
মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজার বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৬ অক্টোবর মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মূল্যতালিকা না রাখার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা না রাখার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।