উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক জনবানী, দৈনিক সত্য সংবাদ ও ৭১ টিভি এর উজিরপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টুর বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উজিরপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উজিরপুর প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম।
আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহমেদুর কবির বিপ্লব মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, নির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদসহ অন্যান্য সাংবাদিকগণ।
সভায় উপস্থিত সাংবাদিকরা প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দায়ের করা মামলার পটভূমি, সংবাদ প্রকাশের তথ্যসূত্র এবং একজন সাংবাদিকের
পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টু কোনো মনগড়া বা ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করে সংবাদ প্রকাশ করেননি। দলিল লেখক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তির দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি), ঘটনার ভুক্তভোগী ও অভিযোগকারীর বক্তব্য এবং ঘটনার সত্যতা তুলে ধরার মতো ভিডিও বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সাংবাদিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ নীতিমালা। কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট ব্যক্তি সেটিকে মানহানিকর মনে করলে আইনি প্রতিকার চাওয়ার অধিকার রাখেন। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে পেশাগত দায়িত্ব পালনকারী একজন সাংবাদিককে মামলার মাধ্যমে চাপে ফেলার চেষ্টা করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও সংবাদকর্মীদের পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।
সভায় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টুকে ব্যক্তিগত ও পেশাগতভাবে প্রশ্নবিদ্ধ করা এবং তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি উজিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় এ ঘটনাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামগ্রিক ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা প্রকাশিত সংবাদের পক্ষে থাকা তথ্য-প্রমাণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং ভিডিও ফুটেজ যথাযথভাবে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করে কোনো সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করা কিংবা তাঁর পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয় বলে তাঁরা মত প্রকাশ করেন।
সভা থেকে সাংবাদিক এমদাদুল কাশেম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও তথ্য-প্রমাণনির্ভর সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা এবং উজিরপুর প্রেস ক্লাবের মর্যাদা ও ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানান উপস্থিত সাংবাদিকরা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, সহ-সভাপতি নাসির উদ্দীন বালী অপু, মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলামসহ সকল সদস্যগণ।