আগামীকাল ২০ নভেম্বর, শুক্রবার দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হবে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়। সেখানে উদযাপিত হবে ৫৮তম এস.বি.এম.সি. ডে। এ উপলক্ষে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বলেন, এবারের আযোজনে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষকবৃন্দ এবং দেশ-বিদেশে কর্মরত চিকিৎসকসহ আনুমানিক ১,৫০০ জনের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। বিদেশে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী তাঁদের প্রিয় ক্যাম্পাসে ফিরে আসছেন । দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে মিলিত হওয়ার এই সুযোগকে ঘিরে ইতোমধ্যে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর স্মৃতিচারণ অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের আয়োজন থাকবে। বিকাল ও সন্ধ্যায় বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এ আয়োজন রাত আনুমানিক ১০টা পর্যন্ত চলবে ।
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু বলেন, এস.বি.এম.সি. ডে কেবল একটি বার্ষিক উদযাপন নয়; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে আত্মিক বন্ধন, বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। সময়ের পরিক্রমায় ছড়িয়ে পড়া সহপাঠীদের আবারও একত্রিত করা, ছাত্রজীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলা এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য ও গৌরবকে ধারণ করাই এ আয়োজনের মূল লক্ষ্য । প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে ৫৮তম এস.বি.এম.সি. ডে উদযাপনে অংশগ্রহণকারী সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।