মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তিনি বলেন, সুস্থ ও সচেতন তরুণ সমাজই আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার বামরাইল এইচ এম ইনস্টিটিউশনের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন তিনি।
‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তরুণ-তরুণীদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার চর্চা বাড়লে তরুণ সমাজ মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল খান, বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা যুগ্ন-সহসাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার ।
এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট এর আয়োজক এডভোকেট মোঃ সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শাসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু , উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় তরুণেরা।বরিশাল জেলা ক্রীড়া সংস্থা ও উজিরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।