নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ২০২৪ সালের ৫ আগস্ট দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন থানা ও সরকারি দপ্তর থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাব-৮, বরিশাল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার রোধে লুণ্ঠিত ও হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সাধারণ জনগণের সহযোগিতা চেয়েছে সংস্থাটি।
র্যাব-৮ জানিয়েছে, লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
র্যাব-৮-এর এই বিশেষ অভিযান আগামী ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকদের সহজে তথ্য দেওয়ার সুযোগ করে দিতে বেশ কয়েকটি হটলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম চালু করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরাসরি ফোন করার পাশাপাশি WhatsApp, imo, Telegram ও Viber-এর মাধ্যমে মেসেজ, অডিও কিংবা ভিডিও পাঠিয়েও অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তথ্য দেওয়া যাবে।
র্যাব-৮ হটলাইন নম্বর:
০১৭৭৭৭১১৪৪১
০১৭৭৭৭১১৪৪২
০১৭৭৭৭১১৪৪৩
০১৭৭৭৭১১৪৪৪
টোল ফ্রি নম্বর: ১২৫৫৬৬৯৯৯৯৯
র্যাব-৮ সাধারণ নাগরিকদের দেশপ্রেম ও সামাজিক নিরাপত্তার স্বার্থে লুণ্ঠিত সরকারি অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং অবৈধ অস্ত্রের অপব্যবহার ঠেকাতে তাদের বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।