বরিশাল প্রতিনিধি:পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ডাকাতি, অস্ত্র ও মাদকসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সরোয়ার হোসেন জনি ওরফে মনুকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলার উজিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সরোয়ার হোসেন জনি ওরফে মনু বরিশাল মহানগরীর কাউনিয়া থানার জোড় মসজিদ সংলগ্ন হাওলাদার সড়ক এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে।
র্যাব-৮ সদর কোম্পানি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। র্যাবের তথ্যমতে, গ্রেফতারকৃত জনির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে।
এর মধ্যে কাউনিয়া থানায় ২০২০ সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১) ধারায় জিআর-১৩/২০ নম্বর মামলা দায়ের হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
র্যাব জানায়, সাজা ঘোষণার পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন জনি। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে গ্রেফতারের জন্য র্যাব-৮ বরাবর অধিযাচনপত্র পাঠালে বিষয়টি আমলে নিয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৮।