নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্ধর্ষ ডাকাতি মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ফারুক মোল্লাকে (৬৫) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল বুধবার (১৯ আগস্ট) ঢাকা মহানগরের যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাকলা, উত্তর কাটাদিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল মালেক মোল্লা।
র্যাব সূত্রে জানা যায়, ফারুক মোল্লার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলাটি এসসি-৭৭/৯২, দণ্ডবিধির ১৮৬০ সালের ৩৯৫/৩৯৭ ধারায় দায়ের করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে বিজ্ঞ আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরবর্তীতে দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৮ জানায়, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দীর্ঘদিন পলাতক থাকা ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাব-৮ ও র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।