বরিশাল প্রতিনিধি: যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী বাসে মাদক বহনের সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সদর কোম্পানির একটি টহল দল বুধবার (৫ আগস্ট) বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইছলাদি টোল প্লাজা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
বিকেল প্রায় ৪টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীর ছদ্মবেশে থাকা মো. আবু জাফর পেদা (৪৬), পিতা: মো. আব্দুল জলিল পেদা, গ্রাম: দক্ষিণ মুরাদিয়া, থানা: দুমকি, জেলা: পটুয়াখালীকে সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়।
একপর্যায়ে তিনি স্বীকার করেন যে, তার পিঠে ঝোলানো স্কুলব্যাগে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা রয়েছে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।