নিউজ ডেস্ক: ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে গিয়ার বাইসাইকেল জিতলেন মুক্তা বেগম
বরিশালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স ক্যাম্পেইনে আকর্ষণীয় উপহার হিসেবে একটি গিয়ার বাইসাইকেল জিতে নিয়েছেন ধামুরা এজেন্ট আউটলেটের গ্রাহক মুক্তা বেগম। বৈধ চ্যানেলে প্রবাসী আয় দেশে পাঠাতে গ্রাহকদের উৎসাহিত করার লক্ষ্যে পরিচালিত এ উদ্যোগে বিজয়ী হিসেবে নির্বাচিত হন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বরিশাল শাখায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মুক্তা বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে গিয়ার বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বরিশাল জোন প্রধান মোহাম্মদ সরোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখা প্রধান মুহাম্মদ আবু জাফর খান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটখোলা চকবাজার শাখার শাখা প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ধামুরা এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. আব্দুল হালিম। অনুষ্ঠানে বরিশাল শাখার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিভিন্ন সময় গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণ করে থাকে। এসব উদ্যোগ প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্যভাবে রেমিটেন্স গ্রহণের পাশাপাশি এমন আকর্ষণীয় পুরস্কার কর্মসূচি গ্রাহকদের মধ্যে উৎসাহ বাড়াচ্ছে। এর ফলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী গ্রাহক মুক্তা বেগমের হাতে গিয়ার বাইসাইকেল হস্তান্তর করা হয়। এ সময় তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে গ্রাহকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা প্রবাসী পরিবারগুলোর মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করবে।