নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাশীপুরে ব্র্যাকের উদ্যোগে কিশোরীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন এবং হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুন ২০২৬) বরিশাল সদর উপজেলার কাশীপুর বাজারস্থ ব্র্যাক অফিসে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলফ) কর্মসূচির উদ্যোগে ‘স্বপ্ন সারথী’ কিশোরীদের জন্য একদিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির অর্থায়নে একজন কিশোরীকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়া ১১ জন কিশোরীকে ২০টি করে মুরগির বাচ্চা এবং ৪ জন কিশোরীকে ২০টি করে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। তাদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে এসব সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুই দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল ইসলাম এবং মোঃ আকরামুল ইসলাম। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সেলফ কর্মসূচির অফিসার মোঃ সাইফুল্লাহ এবং শাখা ব্যবস্থাপক (দাবি) স্বপন কুমার মন্ডল।
বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে ব্র্যাক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।