নিউজ ডেস্ক: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ মঙ্গলবার সকাল ১০:০০টায় জেলা প্রশাসক কার্যালয়ের মহাফেজখানা চত্বরে মেলার উদ্বোধন করেন।
ভূমিসেবা মেলার উদ্বোধন করে বিভাগীয় কমিশনার বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মামলা-মোকদ্দমা ও জটিলতা এড়িয়ে দ্রুত ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এখন থেকে জনগণ অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ, ডিসিআর সংগ্রহ, পর্চা উত্তোলনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন রেকর্ড সহজেই গ্রহণ করতে পারবেন। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হতে মুক্তি পাওয়ার পাশাপাশি ভূমি অফিসে সক্রিয় দালাল চক্রের হাত থেকেও রক্ষা পাবেন।
তিনি বলেন, কৃষি জমি রক্ষা করাও সরকারের অন্যতম অগ্রাধিকার। বরিশাল বিভাগে প্রায় আট লাখ দুই হাজার হেক্টর কৃষি জমি রয়েছে। এরমধ্যে ফসলি জমির পরিমাণ প্রায় ৬১ শতাংশ। ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে না। এছাড়া নতুন প্রণীত ‘কৃষি জমি সুরক্ষা আইন-২০২৬’ অনুযায়ী ভবিষ্যতে কৃষি জমির সংরক্ষণের পাশাপাশি ডোবা, নালা ও জলাধার সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
মেলা উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের মহাফেজখানা চত্বর থেকে বিভাগীয় কমিশনার খলিল আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূমিসেবা গ্রহণকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহের জন্য মেলায় ৮টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা আগামী ২১মে পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।