বরিশাল প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর এএনএসভিএম অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তাদের একাডেমিক অধিকার রক্ষায় পুরোনো ডিগ্রিতে ফিরে যাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী সানজিদ ইসলাম। এ সময় আরিফুল ইসলাম, আতিফ হোসেন ওলি, ফারিয়া আক্তার, শহিদুল ইসলাম, আল শাহরিয়ার হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ২০২৫ সালের আগস্টে ডিভিএম ও এ্যানিমেল হাজবেন্ড্রি (এএইচ) ডিগ্রি বিলুপ্ত করে নতুন কম্বাইন্ড বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রি চালুর সিদ্ধান্ত জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়। যদিও এর আগে একাধিক ব্যাচের শিক্ষার্থীরা স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
তাদের অভিযোগ, ভোট গ্রহণের সময় ফেল করিয়ে দেওয়ার ভয়, ক্যারিয়ার ধ্বংসের হুমকি এবং মানসিক চাপ প্রয়োগ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ৫৪তম (জরুরি) একাডেমিক কাউন্সিলে ডিগ্রি বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্রুত নতুন ডিগ্রির কার্যক্রম শুরু করা হয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের হলে আদালত স্থগিতাদেশ দেন। পরে আদালত ওই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপিল করে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ আইনি জটিলতা।
শিক্ষার্থীরা জানান, এ পরিস্থিতিতে ৫টি ব্যাচের মোট ৩০৭ জন শিক্ষার্থীর একাডেমিক জীবন মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন তারা।
তারা আরও জানান, ডিভিএম ডিগ্রিতে ফিরে যাওয়ার দাবিতে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি স্মারকলিপি প্রদান করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পরবর্তীতে গত ৪ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম বর্জন এবং ৩ এপ্রিল ক্যাম্পাসে তালাবদ্ধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ অচলাবস্থায় তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, মানসিক চাপ বেড়েছে এবং ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তারা কোনো বিশৃঙ্খলা নয়, বরং দ্রুত একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধান চান।
এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দ্রুত, আইনসম্মত ও শিক্ষার্থী-বান্ধব সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি তারা স্পষ্টভাবে বলেন, তারা তাদের ভর্তিকৃত ডিভিএম ডিগ্রিতে ফিরে যেতে চান এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে চান।
ফাহিম ফিরোজ
বরিশাল প্রতিনিধি
দৈনিক মানবকণ্ঠ