মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় জয়শ্রী বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কালিহাতা গ্রামের আবু তালেবের মুদি দোকান,আজিজুল হকের ফার্নিচারের দোকান, ফয়সাল হোসেনের ইজি বাইকের গ্রেজের দোকান, ধলু হোসেনের থাই গ্লাসের দোকান,আল আমিনের মোটরসাইকেলের গ্রেজের দোকান ও কবির হোসেনের রেন্ট-এ কারের দোকানে আগুন লেগে ভস্মিভুত হয়েছে। আশপাশের লোকজন আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ডাকচিৎকার করে এবং উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর মডেল থানা পুলিশকে অবহিত করে। ফায়ার সার্ভিসের কর্মীরা,পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষনে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায় ভস্মীভূত হয় । এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রমের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।