মোঃপারভেজ হাওলাদার, বাবুগঞ্জ প্রতিনিধি ঃবরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের কিশোর রাব্বি হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ সকাল ১০ টায় রহমতপুরের ঢাকা বরিশাল প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাব্বির পরিবার, সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এর পেছনে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
রাব্বির বড় ভাই ও বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করছি। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে লেখা ছিল— “রাব্বির হত্যাকারীদের ফাঁসি চাই,” “আমরা নিরাপদ সমাজ চাই,” “হত্যার বিচার না হলে রাজপথ ছাড়বো না” ইত্যাদি স্লোগান।
মানববন্ধনকারীরা রাস্তার মধ্যেই বসে পড়েন, এবং তারা হত্যাকারীদের মধ্যে গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত উঠবেন না বলে তাদের কর্মসূচি ঘোষণা করেন।
যার ফলে ঢাকা বরিশাল মহাসড়কে রাস্তার দু'পাশে দীর্ঘ ৪ কিলোমিটার সড়ক জ্যামে আটকে থাকে।
বিমানবন্দর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাকির শিকদার আন্দোলনকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। এরপরে আন্দোলনকারী রাস্তা ছাড়েন এবং বলেন যদি পুলিশ তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয় তবে তারা পুনরায় মানববন্ধন করবেন।
এদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তদন্ত কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে এবং অচিরেই দোষীদের আইনের আওতায় আনা হবে।