মো:এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা-ইলিশ রক্ষার অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ২টি মাছ ধরা নৌকাসহ জাটকা ইলিশ জব্দ করলেন- ইউএনও। ১৬ অক্টোবর দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে মা-ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় ১৫ হাজার মিটার অবৈধ জাল ও মাছ ধরা ২টি নৌকাসহ ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে অভিযুক্ত অসাধু জেলেরা পালিয়ে যায়। অবৈধ জাল পুড়ে ফেলা হয়েছে এবং দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের সামনে জব্দকৃত জাটকা ইলিশ উজিরপুর আল ইসরা ইসলামীয়া মাদ্রাসা ও পূর্ব ধামসর এতিমখানায় বিলিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগ,উজিরপুর মডেল থানার এএসআই বিল্লালসহ অনেকে। এদিকে মা-ইলিশ রক্ষার অভিযানের ৪র্থ দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ২টি নৌকাসহ জাটকা ইলিশ মাছ জব্দ করায় অভিযান পরিচালনাকারী উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।