প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ৬:১২ পি.এম
বরিশালে বিএম কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বরিশাল বিএম কলেজে সকাল ১০টায় সংঘর্ষ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সংঘর্ষে দুই ছাত্রলীগ কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
বিএম কলেজ শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেন। পরে তারা মিছিল বের করলে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে নগরীর নথুল্লাবাদ এলাকায় অবস্থান নেওয়া কোটা সংস্কারের আন্দোলনকারী শিক্ষার্থীদের কিছু অংশ লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
তারা ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়া কথিত ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসে গিয়ে অবস্থান নেন। কোটা সংস্কার আন্দোলনকারীরাও ওই হলের সামনে অবস্থান নেন।
এর কিছু সময় পর পুরো ক্যাম্পাস দখলে নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা।
এ সময় দুই ছাত্রলীগ কর্মীকে কলেজের মসজিদ থেকে ধরে এনে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দুই ছাত্রলীগ কর্মীর নাম মো. শিপলু ও সুমন। তারা বিএম কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
তবে ঘটনাস্থলে থাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম জানিয়েছেন, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। দুই পক্ষের সংঘর্ষে আহতের কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আহ্বানে অবরোধ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে বেসরকারি অমৃত লাল দে মহাবিদ্যালয়, ইনফ্রা পলিটেকনিকসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
Copyright © 2026 Barishal janapad ।। বরিশাল জনপদ. All rights reserved.